
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অভিযান চালাবে বাংলাদেশ নৌবাহিনী। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরাও নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ৯টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্যযানের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নৌবাহিনীর জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা, অভ্যন্তরীণ নদ-নদী এবং ইলিশের প্রধান প্রজনন এলাকাতেও দায়িত্ব পালন করছে।
স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইলিশ আহরণ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করা হবে। অভিযানে অবৈধভাবে ইলিশ আহরণে জড়িত ব্যক্তি ও যান্ত্রিক মৎস্যযানের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।
নৌবাহিনী জানিয়েছে, ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশ সংরক্ষণে নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করছে তারা।